আমুদরিয়া নিউজ : রাজ্যে ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিনগুলির পাশাপাশি ফলপ্রকাশের দিন ৪ মে-তেও গোটা রাজ্যে মদের দোকান ও বার বন্ধ থাকবে।
দুই দফায় ভোট হবে—২৩ এপ্রিল (প্রথম দফা) এবং ২৯ এপ্রিল (দ্বিতীয় দফা)। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধ থাকবে।
সেই অনুযায়ী, প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এদিন উত্তরের একাধিক আসন-সহ মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচন হবে। নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই মদের দোকান ও বার বন্ধ হয়ে যাবে। ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
একইভাবে দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল, যেখানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক আসনে নির্বাচন হবে। সেই কারণে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ওই এলাকাগুলিতে মদের দোকান ও পানশালা বন্ধ থাকবে।
এছাড়া ৪ মে ফলপ্রকাশের দিন গোটা রাজ্যেই সমস্ত মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।শুধু তাই নয়, যদি কোনও বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, সেখানেও একই নিয়ম কার্যকর করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।