আমুদরিয়া নিউজ : জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন কি না—এই প্রশ্নে শীর্ষ আদালতে অন্তর্বর্তী আবেদন দায়ের হয়েছে। আবেদনটি করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশকুমার আগরওয়াল। আবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক প্রধান। নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা তাঁর ব্যক্তিগত বিষয় নয়, বরং রাজ্য প্রশাসনের পরিসরের বিষয়। সেই কারণে ব্যক্তি হিসেবে আদালতে হাজির হয়ে সওয়াল করার আইনগত অধিকার তাঁর রয়েছে কি না, তা নিয়েই আপত্তি তোলা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার আগেই এই বিষয়ে মামলা দায়ের করেছে এবং সেখানে সিনিয়র আইনজীবীরা সওয়াল করছেন—সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মামলা কতটা বৈধ, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই অন্তর্বর্তী আবেদনের শুনানি আজই মূল মামলার সঙ্গে হওয়ার কথা। উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেই মামলায় আবেদনকারী হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে। আগের শুনানিতে মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করে অভিযোগ করেন, নামের বানান বা পদবি পরিবর্তনের মতো কারণে ভোটারদের অযথা হেনস্থা করা হচ্ছে। শীর্ষ আদালত তখন পর্যবেক্ষণে জানায়, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এবং নির্বাচন কমিশনকে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
এই মামলার পরবর্তী শুনানিতেই নতুন করে আইনি বিতর্কের মোড় নিতে চলেছে বিষয়টি।
নির্বাচন কমিশনের এক্তিয়ার প্রশ্নে মমতার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বিতর্ক
Leave a Comment