আমুদরিয়া নিউজ : লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নবম বাজেট পেশের আগে নজর ভোটমুখী রাজ্যগুলির দিকে। চলতি বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি ও অসমে বিধানসভা নির্বাচন থাকায় এই রাজ্যগুলির জন্য বিশেষ বরাদ্দের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। এর মধ্যে বিজেপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ, যেখানে বারবার প্রচার চালিয়েও নির্বাচনী সাফল্য আসেনি। ফলে ভোটের আগে বাজেটে রাজ্যের জন্য কী ঘোষণা হয়, সেদিকেই তাকিয়ে সবাই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেল ও পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাম্প্রতিক বছরগুলিতে জাতীয় সড়ক, মেট্রো, কলকাতা–শিলিগুড়ি করিডর ও বন্দর পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে। রাজ্যে রেল পরিকাঠামোয় মোট বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় ১০১টি স্টেশন আধুনিকীকরণ হচ্ছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় চারটি নতুন রেললাইন প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট দৈর্ঘ্য ৫৩ কিলোমিটারের বেশি। সীমান্ত সংলগ্ন এই রেললাইনগুলি যোগাযোগ, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা জোরদার করবে বলে রেল সূত্রের দাবি। আবাসন শিল্পও বাজেটের দিকে তাকিয়ে। ডেভেলপারদের দাবি, গৃহঋণে করছাড় বৃদ্ধি, সাশ্রয়ী আবাসনের দামসীমা পুনর্নির্ধারণ এবং নির্মীয়মাণ ফ্ল্যাটে জিএসটি কাঠামো সংস্কার করা হোক। তাঁদের মতে, জমি ও নির্মাণ খরচ বেড়েছে, কিন্তু নীতিগত কাঠামো এখনও পুরনো। সব মিলিয়ে, এই বাজেট বিজেপির কাছে ভোটের হাতিয়ার হতে পারে। আবার রাজ্য বঞ্চিত হলে তৃণমূলের প্রচার আরও জোরালো হবে। রেল, বিশেষ করে অসমাপ্ত ও নতুন মেট্রো প্রকল্পে বড় ঘোষণার দিকেই এখন সবচেয়ে বেশি নজর পশ্চিমবঙ্গবাসীর।