আমুদরিয়া নিউজ : সকাল হতেই ফের অশান্ত হয়ে উঠল বেলডাঙা। বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন এলাকাবাসী। রেলগেটের কাছে একাধিক দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার মকদমপুরের বাসিন্দা আনিসুর রহমান বিহারে ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশি সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে কোনওরকমে বাড়ি ফেরেন তিনি। শনিবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেখেই নতুন করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
উল্লেখ্য, এর আগেও ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শ্রমিক নিগ্রহের অভিযোগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।