আমুদরিয়া নিউজ: চলতি মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন জমার মাঝেই চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক ও তৃণমূল তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণাসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে একটি ছবির জন্য মামলাকারী শাহিদ ইমামের সঙ্গে এক কোটি টাকার চুক্তি হয়েছিল, যার মধ্যে ৬৮ লক্ষ টাকা সোহমকে দেওয়া হয়েছিল। ছবিটি শেষমেষ তৈরি হয়নি এবং সোহম অভিযোগ অনুযায়ী টাকা ফেরত দেননি। শাহিদ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এটি প্রথমবার নয়—এর আগেও শাহিদ সোহমের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাটি আগামী সপ্তাহে বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।
জানা যায়, এই একই অভিযোগে এর আগে বিষয়টি আরবিট্রেশনের মাধ্যমে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেখানে সুরাহা না হওয়ায় নতুন করে আদালতে মামলা দায়ের করেন শাহিদ। টাকা চাইতে গেলে তা না ফিরিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবার নদিয়ার করিমপুর থেকে প্রার্থী হয়েছেন সোহম। চলছে ভোটপ্রচার পর্ব। এই পরিস্থিতিতে নেতার বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকশিবির।