আমুদরিয়া নিউজ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী, ২০২৬ এর ভবানীপুরেও কি তিনি সেই সাফল্য ফেরাতে পারবেন? তা নিয়েই চলছে জোর হিসেব-নিকেশ।
লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমূলের জন্য কঠিন লড়াই হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত উপনির্বাচনে ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮,৮৩২ সংখ্যার রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে চিত্রটা বদলে যায়। সেখানে তৃণমূলের লিড কমে দাঁড়ায় মাত্র ৮,২৯৭ এ।
আরও উদ্বেগের বিষয় হলো, ভবানীপুরের মোট ৮টি ওয়ার্ডের মধ্যে ৫ টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। পরিসংখ্যান অনুযায়ী, ২৬৯টি বুথের মধ্যে ১৪৯টিতে বিজেপি লিড পেয়েছে এবং ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডেও গেরুয়া শিবির ভালো ফল করেছে।
আর এই হিসেবই নিজের কেন্দ্রেই মমতাকে এক কঠিন অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বলে মনে বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) এর প্রভাবও এবার সেখানে পড়তে চলেছে।
ইতিমধ্যেই ভবানীপুর থেকে প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম বাদ পড়ার খবর সামনে এসেছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুভেন্দু কিন্তু এই প্রতিক্রিয়াকে তৃণমূলের ‘ভুয়া ভোটার’ হঠানোর ফল হিসেবেই উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০,০০০-এর বেশি রেকর্ড ভোটে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।
যদিও জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা। তাঁর দাবি, তিনি ৩৬৫ দিন ভবানীপুরের মানুষের পাশে থাকেন। বিজেপি হাজার ষড়যন্ত্র করলেও তাঁকে হারাতে পারবে না।