আমুদরিয়া নিউজ : ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত দেশটির প্রথম উচ্চ-গতির বুলেট ট্রেন রুট তৈরি হবে। এই নতুন হাই-স্পিড রেল করিডর তৈরি হলে মাত্র প্রায় ৩ ঘণ্টার মধ্যেই শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছানো যাবে, যা বর্তমানে ১৪-১৮ ঘণ্টা সময় লাগে। ট্রেনটি পাটনা ও কাটিহার হয়ে ছুটবে এবং প্রস্তাবিত গতি ঘণ্টায় ৩০০-৩৫০ কিমি পর্যন্ত হতে পারে।
রেলমন্ত্রী জানিয়েছেন, এই বুলেট ট্রেন শুধু পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশকে নয়, পুরো পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগকে দ্রুত ও কার্যকরভাবে বদলে দেবে। ভবিষ্যতে এই হাই-স্পিড করিডরটি গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে, যা বাণিজ্য, পর্যটন ও শিক্ষা-স্বাস্থ্য পরিষেবার সুবিধা আরও বাড়াবে।
এই উদ্যোগ দেশের উচ্চ-গতির রেল নেটওয়ার্ককে আরও এগিয়ে নেয় এবং পশ্চিমবঙ্গের জন্য এটিকে একটি বড় উন্নয়নের কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।