আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ছাত্রনেতা ওসমান হাদির খুনকে ঘিরে হিংসায় উত্তাল পদ্মা পারের দেশ। ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ ও খুনের ঘটনায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার চায়। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ বাংলাদেশের স্বপ্নের কথা উঠে আসে—যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
তিনি স্মরণ করেন ১৯৭১-এর শহিদদের ত্যাগ, গত ১৫ বছরে গুম-খুন ও নির্যাতনের শিকার মানুষদের, এবং ২০২৪ সালের আন্দোলনে নিহত তরুণদের। ওসমান হাদির হত্যাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে।
ভাষণের শেষে মার্টিন লুথার কিংয়ের উক্তি স্মরণ করে তারেক রহমান বলেন, “I have a dream নয়, আজ আমি বলছি—I have a plan।”