আমুদরিয়া নিউজ : ইরানের সঙ্গে আপাতত একমাসের যুদ্ধ বিরতির পথে হাঁটতে চলেছে আমেরিকা। এমনই খবর ‘নিউ ইয়র্ক টাইমসের’ প্রতিবেদন সূত্রে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ বন্ধ করতে নিউইয়র্ক থেকে ইরানকে ইতিমধ্যেই ১৫ দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আমেরিকা। হামলা, পাল্টা হামলায় তপ্ত পশ্চিম এশিয়া। কবে এই যুদ্ধ শেষ হবে, তা ভাবাচ্ছে গোটা বিশ্বকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ় প্রণালী একপ্রকার ‘অবরুদ্ধ’! পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে জ্বালানি, অপরিশোধিত তেল বা পণ্যের একটা বড় অংশ এই প্রণালী দিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। সেই প্রণালী ইরান ‘আটকে’ রাখায় জ্বালানি সঙ্কটের আশঙ্কায় ভুগছে বহু দেশ।
এই আবহেই যুদ্ধ শেষ করার শর্ত হিসাবে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যেই জানিয়েছেন, ইরান এবং আমেরিকার আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান।
খবর পাওয়া যাচ্ছে, আমেরিকার প্রস্তাবে রাজি হলে ইরানের উপর আন্তর্জাতিক স্তরে যে সব নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হতে পারে। পাশাপাশি ইরানকে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। তবে কী কী ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হবে, তা এখনও খোলাসা করা হয়নি।
যদিও আমেরিকার এই প্রস্তাব ইরান কতটা মানবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রক থেকে আগেই জানানো হয়েছে ‘কোনো সাময়িক যুদ্ধ বিরতি নয়, ইরান চায় সমস্যার স্থায়ী সমাধান।’ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিন জোলফাগারি তাই হয়ত কটাক্ষ করে বলেছেন, “আমেরিকা চাইছে নিজেদের সঙ্গেই চুক্তি করতে!”