আমুদরিয়া নিউজ : ভোটের প্রচার এখন আর শুধু মিটিং মিছিল দিয়েই হয় না। সাধারণ মানুষের কাছে পৌঁছতে রাজনৈতিক দলগুলি প্রায়শই নতুন নতুন কৌশল খোঁজার চেষ্টা করে। এবারের ভোটে তৃণমূল বেছে নিয়েছে অভিনব এক কায়দা। ‘অনলাইন লুডো।’
কিন্তু কী সেই লুডো? কেমন করে এই লুডোকে কাজে লাগিয়ে প্রচার করছে তৃণমূল? জানা গিয়েছে, এই লুডো বোর্ডে সাপ-লুডোর মতোই খেলা থাকছে। তবে এখানে সিঁড়ির জায়গায় দেখানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, যেগুলো মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর সাপের মুখে রাখা হয়েছে বিজেপি নেতাদের ছবি, যা পিছিয়ে যাওয়ার প্রতীক হিসেবে দেখানো হচ্ছে।
বোর্ডের বিভিন্ন ঘরে রাজ্যের নানা প্রকল্পের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। খেলতে খেলতে সেই প্রকল্পগুলোর কথাই মানুষের সামনে তুলে ধরতে চাইছে তৃণমূল। এখন অবসরে অনলাইনে প্রচুর মানুষ লুডো খেলে থাকেন। তাঁদের কাছে পৌঁছতেই এই অভিনব কৌশল বেছে নিয়েছে তৃণমূল।