আমুদরিয়া নিউজ: রামনবমী উপলক্ষে নিজের বাড়িতেই ভগবান রামের পুজো করলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। আজ সকাল থেকেই তার বাড়ির মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ভক্তি ভরে রামচন্দ্রের আরাধনা করেন তিনি। পুজোর পর ভক্তিমূলক পরিবেশে ‘ রঘুপতি রাঘব রাজা রাম’ গানটিও গাইতে শোনা যায় তাঁকে।
জানা যায় এরপর তিনি শিলিগুড়ি শহরে ঐতিহ্যবাহী হনুমান মন্দিরে পুজো দেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন। তবে ধর্মীয় পরিবেশের মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি জানান, ধর্মকে সামনে রেখে তিনি কখনো রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তার মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের উন্নয়ন ও সামাজিক অগ্রগতি।
এ ছাড়াও এদিন তিনি শিলিগুড়িতে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বার্তা দেন।