আমুদরিয়া নিউজ : মালদার ইংরেজ বাজার কেন্দ্রে বিজেপি কাউন্সিলরের বাড়িতে গিয়ে এবার ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, ইংরেজ বাজার কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এদিকে ওই আসনে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির।
শুক্রবার ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় ভোট প্রচার করতে যান তৃণমূল প্রার্থী আশীষ কুণ্ডু। সেই সময় বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি তার পরিবার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তৃণমূল প্রার্থী কাউন্সিলরের কাছে আবেদন করেন, তার পরিবার সহ সমস্ত ভোট যেন তৃণমূল কংগ্রেসকেই দেন।
এমনকি তিনি এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারল না, বিগত দিনে যিনি বিজেপির বিধায়ক ছিলেন, তাকে মানুষ কাছে পায়নি। ফলে এলাকায় কোনও উন্নয়ন হয়নি।” এমনকি ইংরেজ বাজারের মানুষ এবার তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করবেন বলেও তিনি এদিন দাবি করেন।
তবে তৃণমূল প্রার্থীর এই দাবি মানতে নারাজ বিজেপি কাউন্সিলর সুতপা দেবী। তিনি সাফ জানিয়ে দেন, “যে কোন দলেরই প্রার্থী আসতে পারে, ভোটও চাইতে পারে। তবে যতই ভোট প্রচার করুক, তৃণমূল এখানে কোনমতেই জিততে পারবে না বরং বিজেপিই বিপুল ভোটে জয়যুক্ত হবে।”