আমুদরিয়া নিউজ : ভয়াবহ ঘটনা আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। শুক্রবার ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে দীর্ঘক্ষণ আটকে থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।
মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। দমদমের বাসিন্দা ওই ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, ছেলের হাত ভেঙে যাওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি।
পরিবারের অভিযোগ, ভোর প্রায় ৫টা নাগাদ ট্রমা কেয়ারের লিফটে ওঠার পর হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লিফটটি একাধিকবার ওপর-নীচ করতে থাকে এবং শেষে বেসমেন্টে নেমে যায়। ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিতরে আটকে পড়া পরিবারটির মধ্যে।
প্রায় এক ঘণ্টা লিফটের মধ্যে আটকে থাকার পর অসুস্থ হয়ে পড়েন অরূপবাবু। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলা হাসপাতালের ওই অংশে লোকজন কম থাকায় দ্রুত সাহায্য মেলেনি। দীর্ঘক্ষণ ধরে সাহায্যের জন্য চিৎকার করলেও ওই পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি ওই পরিবার।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য রোগীর পরিজনেরাও। তাঁদের প্রশ্ন, ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কীভাবে এমন লিফট বিভ্রাট ঘটল? পাশাপাশি, লিফটে লিফটম্যান না থাকা নিয়েও উঠছে প্রশ্ন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। লিফটের যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।