আমুদরিয়া নিউজ : নয়াদিল্লিতে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে জোর রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার সেই প্রস্তাবে সমর্থন জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যাতে দলের সাংসদরা প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
আগে বিরোধী শিবিরের জমা দেওয়া নোটিশে তৃণমূল সাংসদরা সই করেননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর দল সিদ্ধান্ত বদল করেছে বলে জানা গেছে। বিরোধী দলগুলির অভিযোগ, সংসদে বিরোধী নেতাদের বক্তব্য রাখতে না দেওয়া এবং আটজন সাংসদকে সাসপেন্ড করার ঘটনায় স্পিকার পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।
লোকসভায় ইতিমধ্যে ১১৮ জন বিরোধী সাংসদ এই প্রস্তাবের নোটিশ জমা দিয়েছেন। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে বড় রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।