আমুদরিয়া নিউজ : ভারতীয় রেলওয়ের নতুন কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন প্রথম দিন থেকেই যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে। টিকিট বুকিং চালু হতেই কয়েক ঘণ্টার মধ্যে সব শ্রেণির আসন সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যায়। রেল কর্তৃপক্ষের মতে, এই দ্রুত বুকিংই প্রমাণ করে যে এই রুটে আধুনিক ও আরামদায়ক স্লিপার ট্রেনের চাহিদা কতটা বেশি।
এর আগে ১৬ জানুয়ারি রেলমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে টিকিট বাতিলের ক্ষেত্রে কড়া নিয়মের কথা জানিয়েছিল। জানানো হয়, যাত্রা শুরুর আট ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। আর যাত্রার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ২৫ শতাংশ টাকা কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
তবে এই কড়াকড়িও যাত্রীদের আগ্রহে কোনো প্রভাব ফেলেনি। প্রথম দিনেই বন্দে ভারত স্লিপার ট্রেন হাউসফুল হয়ে যায়। রেকর্ড টিকিট বিক্রির মাধ্যমে বন্দে ভারত স্লিপারকে রেল পরিষেবায় নতুন দিশার পথপ্রদর্শক বলেই মনে করছেন অনেকেই।