আমুদরিয়া নিউজ : ডেটা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে হোয়াটসঅ্যাপ ও তার মূল সংস্থা মেটাকে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা স্পষ্ট ভাষায় জানান, ভারতের আইন ও সংবিধান মানতে না পারলে এই দেশ ছেড়ে চলে যাওয়ার বিকল্পও খোলা রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা পরিষ্কারভাবে জানানো হয় না।
২০২১ সালে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি নীতিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ব্যবহারকারীদের ডেটা মেটার অন্যান্য সংস্থার সঙ্গে ভাগ করা হচ্ছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, জটিল শর্ত ও নীতিগুলি সাধারণ মানুষ কীভাবে বুঝবে।
আদালত নির্দেশ দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের তথ্য শেয়ার করা যাবে না। পাশাপাশি ডেটা সুরক্ষা সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যাও জমা দিতে বলা হয়েছে।