আমুদরিয়া নিউজ : চিরবিদায় নিলেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি Asha Bhosle। রবিবার (১২ এপ্রিল) মুম্বইয়ের Breach Candy Hospital-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই সুরসম্রাজ্ঞী, চিকিৎসকদের মতে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীতজগত। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের Shivaji Park-এ। তার আগে তাঁর বাসভবনে মরদেহ শায়িত রাখা হয়েছে, যেখানে সকাল থেকে ভিড় জমাচ্ছেন তারকা, ঘনিষ্ঠ ও অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে। প্রায় আট দশকের দীর্ঘ সঙ্গীতজীবনে হিন্দি, বাংলা-সহ বহু ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। গজল, শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক—সব ক্ষেত্রেই নিজের অসাধারণ প্রতিভার ছাপ রেখে গেছেন। দুইবার জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে সম্মান এবং পদ্ম বিভূষণ প্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে ভারতীয় সঙ্গীতাঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হল; তাঁর কণ্ঠ ও গান চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।