আমুদরিয়া নিউজ : কেন্দ্রীয় সরকার জনগণনা ২০২৭-এর প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, জনগণনা হবে দু’টি পর্যায়ে। প্রথম ধাপ গৃহতালিকা ও আবাসন জনগণনা, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে জনসংখ্যা গণনা হবে। আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসন গণনার কাজ চলবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সুবিধামতো ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করবে। এই জনগণনা হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। প্রায় ৩০ লক্ষ কর্মী—এনুমারেটর, সুপারভাইজার, মাস্টার ট্রেনার ও জেলা জনগণনা আধিকারিকরা এই কাজে যুক্ত থাকবেন। উল্লেখ্য, আসন্ন জনগণনায় জাতিগত গণনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।