আমুদরিয়া নিউজ : ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-এর জারি করা নতুন ‘ইক্যুইটি রেগুলেশন’ আপাতত কার্যকর না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশজুড়ে বিক্ষোভ ও একাধিক মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায়, এই বিধির প্রাসঙ্গিকতা নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও জাতিভিত্তিক বিভাজনের পথে ফেরার আশঙ্কা উদ্বেগজনক। নতুন নিয়মে জাতিভিত্তিক বৈষম্যের সংজ্ঞা শুধুমাত্র এসসি, এসটি ও ওবিসি শ্রেণির মধ্যে সীমাবদ্ধ রাখায় সাধারণ শ্রেণি কার্যত সুরক্ষার বাইরে চলে যাচ্ছে— এই অভিযোগই মূলত বিতর্কের কেন্দ্রে। ২০১২ সালের অ্যান্টি-ডিসক্রিমিনেশন রেগুলেশন যথাযথভাবে কার্যকর না হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে এই নতুন বিধি আনা হয়েছিল। তবে আপত্তি ও অসন্তোষের কারণে আপাতত নিয়ম কার্যকরে স্থগিতাদেশ দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দিল আদালত।