আমুদরিয়া নিউজ : ২০২১ এর নির্বাচনে কোচবিহার জেলার শীতলকুচিতে ঘটে যাওয়া সেই রক্তাত্ব স্মৃতি এখনো ভুলে যায়নি বাংলার মানুষ। ২০২৬ এর ভোটে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক তা কোনভাবেই চাইছে না জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে সবার আগে প্রয়োজন ভোটারদের সুবিধা অসুবিধা বোঝা। তার জন্য প্রয়োজন তাদের ভাষা বুঝতে পারা। আর তাই কেন্দ্রীয় বাহিনীর অবাঙালি জওয়ান থেকে আধিকারিকদের কাজ চালানোর মতো বাংলা শেখার পরামর্শ দিল জেলা প্রসাশন।
আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গে ভোট হবে। কমিশনের নির্দেশে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারেও নিয়মিত রুট মার্চ চলছে। কিন্তু শুধু রুটমার্চ করলেই হবে না, জওয়ানরা যাতে বাংলা বুঝতে পারেন সেজন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে নির্বাচন সুনিশ্চিত করতে হলে শুধু নিরাপত্তাই নয়, সাধারণ ভোটারদের সঙ্গে সহজ-সরল যোগাযোগ স্থাপন করাও প্রয়োজন। ভোটের সময় সাধারণ মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখা অত্যন্ত জরুরি। ভাষা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম। জাওয়ানেরা বাংলাভাষাটা আয়ত্ত করতে পারলে ভোট পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলেই মনে করছে জেলা প্রশাসন।