আমুদরিয়া নিউজ : সরকারি ভাবে ভোট ঘোষণা হয়নি। কিন্তু, ভোটের কথা মাথায় রেখে সব দলই আসরে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উপকণ্ঠে মহাকাল মহাতীর্থ মন্দিরের শিলান্যাসের চার দিনের মাথায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে অনশনে বসার দিনক্ষণ ঘোষণা করে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক রাজ্য বিধানসভায় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। টানা ২৪ ঘণ্টা অনশন করবেন তিনি। ২২ জানুয়ারি সকাল ৮টায় শিলিগুড়ির সুভাষপল্লির নেতাজি মূর্তির সামনে অনশনে বসবেন তিনি। তাঁর অভিযোগ মূলত ৩টি। প্রথমত, শিলিগুড়িতে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দেওয়ার পরে ওয়ার্ক অর্ডার হলেও কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার। দ্বিতীয়ত, তৃণমূল বিরোধী দলের বিধায়কদের লাগাতার হেনস্থার অভিযোগ করেছেন তিনি। তৃতীয়ত, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এমন করছে বলে তাঁর অভিযোগ। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের আগের সকাল থেকে জন্মদিবসের সকাল ৮টা অবধি অনশন করবেন বলে বিজেপি বিধায়ক ঘোষণা করেছেন।
কিন্তু, নেতাজির জন্মদিবসের আগের রাত থেকে মূর্তি সাজানোর কাজ হয়ে থাকে। ফলে, সেখানে অনশনে বসলে কোনও সমস্যা হয় কি না তা নিয়ে এখন আলোচনা চলছে নানা মহলে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার বিষয়।