আমুদরিয়া নিউজ : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দিয়েছে কংগ্রেস। সংসদের বিধি অনুযায়ী রুল ৯৪সি মেনে এই নোটিস দেওয়া হয়েছে বলে জানান কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। কংগ্রেস সূত্রে দাবি, আপাতত ১১৮ জন সাংসদের সমর্থন রয়েছে।
এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি নেই এবং দলের সব ২৮ জন সাংসদই সই করবেন। তবে তার আগে ইন্ডিয়া ব্লকের সব শরিককে একসঙ্গে একটি চিঠি অধ্যক্ষের কাছে পাঠিয়ে তাঁকে ২–৩ দিনের সময় দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।
অভিষেকের অভিযোগ, সংসদ অচল থাকার দায় কেন্দ্রীয় সরকার ও অধ্যক্ষ— দু’পক্ষেরই। বাজেট নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও জিরো আওয়ার ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হচ্ছে বলেও তাঁর দাবি। তৃণমূল সংসদ সচল রাখতে চায় এবং অধ্যক্ষের ডাকা বৈঠকে তারা অংশ নেবে বলে জানান তিনি।
তাঁর বক্তব্য, আগে যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হোক। তাতেও কাজ না হলে শুক্রবার অনাস্থা প্রস্তাব আনা হলে তৃণমূল তাতে পূর্ণ সমর্থন দেবে।