আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে ফের আইনি জটিলতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নিয়োগ সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দিল্লি হাইকোর্টে মামলা করেছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT) সম্প্রতি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ডিজি পদের জন্য নামের তালিকা UPSC-কে পাঠাতে। একই সঙ্গে UPSC-কেও নির্দিষ্ট সময়ে তিনজনের একটি প্যানেল রাজ্যকে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইবুনাল।
এই নির্দেশের বিরোধিতা করেই UPSC আদালতের দ্বারস্থ হয়েছে। কমিশনের বক্তব্য, CAT যেভাবে সময়সীমা বেঁধে দিয়েছে, তা সুপ্রিম কোর্টের আগের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই রায়ে ডিজি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া মেনে চলার কথা বলা হয়েছে।
বর্তমানে রাজ্যে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্বে রয়েছেন রাজীব কুমার। এই মামলার ফলে রাজ্যে স্থায়ী ডিজি নিয়োগ আরও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল।