আমুদরিয়া নিউজ : “মমতা বন্দ্যোপাধ্যায় ইদের নমাজে এসে যে দোয়া করেন, তাতে বাংলার মুসলিম গরিব ঘরের মানুষের পেট ভরে কি? তাতে বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উন্নতি হয়েছে কি? সবটাই কি লোক দেখানো নয়?” কার্যত এই ভাষাতেই মমতার বিরুদ্ধে তোপ দাগলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদউদ্দিন ওয়াইসি-র।
হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে ২৬ এর বিধানসভা ভোটে জোট গড়ছে ওয়াইসির দল। বুধবারই কলকাতায় হুমায়ুনের সঙ্গে দেখা করেন তিনি। তারপরেই সুর চড়ালেন মমতার বিরুদ্ধে। তাঁর বক্তব্য, “বাংলার মুসলমানরা মমতার ভরসায় বসে নেই। আল্লাহর ভরসায় রয়েছে। ওনার জন্মের আগেও বাংলায় মুসলমানরা ছিলেন, ওনার মৃত্যুর পরেও থাকবেন।” এখানেই থেমে থাকেননি ওয়াইসি। মমতাকে এক হাত নিয়ে বলেন, “উনি যদি মুসলমানদের সঙ্গে থাকতেন তাহলে গোধরার পরেও এনডিএ-তে থাকতেন না। উনি যদি সংখ্যালঘুদের সঙ্গে থাকতেন তাহলে বাংলার মুসলমানদের উন্নতি হত।”
একুশের ভোটের সময়েও বাংলার রাজনীতিতে প্রবেশের চেষ্টা করেছিল মিম। সেবার সফল হয়নি। নওশাদ সিদ্দিকিরা তাঁর হাত ধরেননি। কিন্তু এবার তাঁর দলের সঙ্গে জোট করছেন হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি। বুধবার সাংবাদিক সম্মেলনে হুমায়ুন বলেন, “ওয়াইসি আমার বড় ভাই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা যৌথভাবে অংশ নেব। আজ সব প্রার্থীর নাম ঘোষণা হবে।”
বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া এই নতুন সমীকরণ শেষপর্যন্ত বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার।