আমুদরিয়া নিউজ : ওড়িশায় চাঞ্চল্যকর এক ঘটনায় মাথার উকুনের মারাত্মক সংক্রমণে এক নাবালিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। পুড়ি জেলার বাসিন্দা ওই কিশোরী দীর্ঘদিন ধরে উকুনের সমস্যায় ভুগছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সময়মতো উপযুক্ত চিকিৎসা না হওয়ায় মাথার চামড়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে শরীরে রক্তস্বল্পতা তৈরি হয় এবং সংক্রমণ গুরুতর আকার নেয়। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরীর। চিকিৎসকরা জানান, দীর্ঘদিনের সংক্রমণের জেরে রক্তে জীবাণু ছড়িয়ে সেপ্টিসেমিয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। এই ঘটনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, উকুনকে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা অত্যন্ত জরুরি। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।