আমুদরিয়া নিউজ: উত্তর–দক্ষিণ মেট্রোর বড় অংশই ভূগর্ভস্থ। টালিগঞ্জ থেকে বেলগাছিয়া পর্যন্ত সুড়ঙ্গপথে চলাচল করে ট্রেন, দমদমের আগে মাটির উপরে ওঠে। এই পথে রয়েছে ১৫টি স্টেশন। যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে আধুনিকীকরণ উদ্যোগ।কলকাতা মেট্রোর ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলির আধুনিকীকরণে ১,২০১ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর মধ্যে ৫৮৫ কোটি টাকা ব্যয় হবে টানেল ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং ব্যবস্থার উন্নতিতে, বাকি অর্থ যাবে বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়নে। টালিগঞ্জ থেকে বেলগাছিয়া পর্যন্ত ১৫টি ভূগর্ভস্থ স্টেশন এই প্রকল্পের আওতায়। পুরনো ‘ওয়াটার-কুলড চিলার’ বদলে ‘এয়ার-কুলড চিলার’ বসানো হবে, ফলে বছরে প্রায় ১৮ কোটি লিটার জল সাশ্রয় সম্ভব হবে বলে জানানো হয়েছে।