আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গের শিক্ষা জগতে একটি পরিচিত নাম, নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট-এর পক্ষ থেকে বিগত বছরগুলোর মতো এবছরও, অর্থাৎ ২০২৫ সালে, উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য গণিতের মেধা মূল্যায়নের ব্যবস্থা করা হয় ২রা নভেম্বর, ২০২৫ তারিখে, যার ফলাফল প্রকাশিত হয় ৩০শে নভেম্বর, ২০২৫। আজ, ৪ঠা জানুয়ারি, ২০২৬ রবিবার, শিলিগুড়ির মিত্র সন্মিলনী হলে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ট্রাস্টের সম্পাদক শ্রী স্বপনেন্দু নন্দী জানান, এই বছর প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী এই গণিতের মূল্যায়নে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা ৬০ শতাংশ নম্বর অর্জন করেছেন, তাঁদের সবাইকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গ স্তরের প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।

তিনি দাবি করেন, গণিতের মতো তথাকথিত কঠিন বিষয়ে উত্তরবঙ্গের মতো পিছিয়ে পড়া এলাকা থেকে এত বড় সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ তাদের নতুন প্রেরণা দেয়। তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় শিলিগুড়ি শহরে একটি গণিত গবেষণাগার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি, এবং এই ব্যাপারে তাঁরা সহযোগিতা করতেও প্রস্তুত।


এছাড়াও, পুরস্কার প্রদান অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভিত্তিতে বেস্ট গণিত শিক্ষক/শিক্ষিকা, বেস্ট প্রাথমিক বিদ্যালয়, বেস্ট উচ্চ বিদ্যালয়, এবং বেস্ট প্রিন্সিপাল (প্রধান শিক্ষক) নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. সবিতা মিশ্র, বিশিষ্ট শিক্ষানুরাগী নিতীশ বসু, লায়ন সুভাষ রায় এবং বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট সঞ্জীব চক্রবর্তী। অনুষ্ঠানটির শুরুতে দার্জিলিং পাবলিক স্কুলের শিক্ষক অভিজিৎ বাগচী গণিতের ওপর একটি মুকাভিনয় পরিবেশন করেন।
ট্রাস্টের চেয়ারম্যান আশিষ পাল বলেন যে এই মূল্যায়নে উত্তরবঙ্গের প্রায় দুই শতাধিক বাংলা, ইংরেজি এবং হিন্দি মাধ্যমের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তিনি আরও ঘোষণা করেন যে, আগামী বছর এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে ১১ই অক্টোবর, রবিবার এবং বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে ৩১শে মে, ২০২৬-এর মধ্যে।

ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বিভাগে যাঁরা সম্মানিত হয়েছেন তাঁরা হলেন,
শ্রেষ্ঠ গণিত শিক্ষক/শিক্ষিকা :
১. আলিপুরদুয়ার : তানিয়া চৌধুরী, বুন ইংলিশ স্কুল
২. কোচবিহার : সৌমেন সাহা, বিবেকানন্দ বিদ্যাপীঠ
৩. দক্ষিণ দিনাজপুর : পীযুষ কান্তি অধিকারী, কুশকারী কে. বি. বি. এস. উচ্চ বিদ্যালয়
৪. দার্জিলিং : অনামিকা ছেত্রী, রামকৃষ্ণ এইচ. এস. স্কুল ফর গার্লস, কার্সিয়াং
৫. জলপাইগুড়ি : সুজয় চৌধুরী, শহিদগড় হাই স্কুল
৬. কালিম্পং : জয় রাম শর্মা, সম্থর এইচ. এস. স্কুল, কালিম্পং
৭. মালদা : বিবেক ঘোষ, রাজনগর হাই স্কুল
৮. শিলিগুড়ি : মলয়া পাল, নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়
৯. উত্তর দিনাজপুর : বাবুলাল মৈত্র, শ্রীকৃষ্ণপুর হাই স্কুল
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক :
হরিস্বামী দাস, শোভানগর হাই স্কুল, মালদা
শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় :
শিলিগুড়ি পাঠ ভবন মিশন হাই স্কুল, লক্ষ্মী জোত, জলপাইগুড়ি
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় :
১. তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর, উত্তর দিনাজপুর, প্রধান শিক্ষক- সুশান্ত নন্দী
২. বড়দোলা প্রথম পর্যায় এ. পি. স্কুল, কোচবিহার, প্রধান শিক্ষক- অভিজিৎ মজুমদার
৩. সারদা বিদ্যামন্দির (হাই স্কুল), নকশালবাড়ি, দার্জিলিং, প্রধান শিক্ষক- সুজিত দাস
৪. ভেলুরডাবরি বি. এফ. পি. স্কুল, আলিপুরদুয়ার, প্রধান শিক্ষক- মৃণাল কান্তি দেব
