আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ভারতের অর্থনৈতিক তথ্যের গুণমান নিয়ে নতুন রিপোর্টে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভারতের জিডিপি ও অন্যান্য জাতীয় অর্থনৈতিক তথ্য সংগ্রহ এবং হিসেব করার পদ্ধতিতে বেশ কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই জিডিপি-সংক্রান্ত তথ্যকে তারা “C গ্রেড” দিয়েছে। এই গ্রেড মানে—তথ্য পাওয়া গেলেও তার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে এবং বিশ্লেষণে বাধা তৈরি হয়। IMF জানায়, ভারতের পরিসংখ্যান ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নতির প্রয়োজন। যেমন—তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতি ব্যবহার, পুরনো বেস ইয়ার বদলে নতুন বছর নির্ধারণ, এবং মৌসুমভিত্তিক ওঠানামা অনুযায়ী তথ্য ঠিকভাবে সাজানো। তবে সব ক্ষেত্রেই খারাপ গ্রেড দেয়নি IMF। মূল্যবৃদ্ধি, মুদ্রা ব্যবস্থা, সরকারি রাজস্ব এবং বৈদেশিক লেনদেনের তথ্যকে “B গ্রেড” দেওয়া হয়েছে, যা তুলনামূলকভাবে ভালো। IMF বলেছে—এই উন্নতি করলে ভারতের অর্থনৈতিক তথ্য আরও স্বচ্ছ ও বিশ্বমানের হবে।