আমুদুরিয়া নিউজ : অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠল। দীঘার তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে গতকাল মৃত্যু হয়েছে অভিনেতার। এই খবর সামনে আসতেই বিভিন্ন মহল থেকে অভিনেতার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই। মর্মান্তিক এই ঘটনার পেছনে নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কি না সে বিষয়েও সরব হয়েছেন কেউ কেউ। মানবাধিকার কর্মী রণজিৎ শূর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, যে ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে অভিনেতার মৃত্যু হয়েছে, সেই ধারবাহিকের প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি আরও জানান, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নিরাপত্তার ঘাটতি, অনুমতি না নেওয়া এবং অবহেলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রযোজক একই সঙ্গে প্রশাসনিক পদে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে সেজন্য অনেকেই দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।