আমুদরিয়া নিউজ : শনিবার দুপুরেই তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন অমিত শাহ্। এবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। তাঁর দাবি, সঠিক ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। একাধিক অবিজেপি রাজ্যে এতে কোনও সমস্যা দেখা দেয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করে এসআইআর করতে হচ্ছে। এটা লজ্জার।
তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শমীক বলেন, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন খেলা শেষ। পাশাপাশি ২১ বিধানসভা এবং ২৩ এর পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে তাঁর প্রশ্ন, “এর দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন?”
বাংলায় রামনবমীর মিছিল নিয়ে তিনি দাবি করেন, এ বছর আগের তুলনায় কম অশান্তি হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ঘটনার কথা তুলে তিনি বলেন, মানুষ সব দেখছে এবং পরিবর্তন চাইছে। তাঁর সাফ বক্তব্য, “রাজ্যে তৃণমূলের সময় শেষ, মানুষ এবার বিজেপিকে ক্ষমতায় আনবে।”
অন্যদিকে, শনিবারই তাঁর এক্স হ্যান্ডেলে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় বিভেদের রাজনীতি করছে বিজেপি। ভাঙচুর, লুটপাট ধর্মের নামে উত্তেজনা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তৃণমূল-বিজেপির দুপক্ষের এমন অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের আগে বাংলার রাজনৈতিক উত্তাপ আরও তীব্র হয়ে উঠছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।