আমুদরিয়া নিউজ : স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)–এর প্রথম তালিকা প্রকাশের পরই হঠাৎ করে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। শুক্রবার তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই বহু মানুষ নিজেদের নাম খুঁজতে ওয়েবসাইটে ঢোকেন। অতিরিক্ত চাপের জেরে সার্ভার ঠিকভাবে কাজ করতে পারেনি। ফলে অনেকেই লগইন করতে বা ভোটার তালিকা ডাউনলোড করতে সমস্যায় পড়েন।
ওয়েবসাইট খুলতে গেলেই ‘এরর’ দেখাচ্ছিল বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা। বিশেষ করে যাঁরা নতুন করে নাম তুলেছেন বা সংশোধন করেছেন, তাঁরা তালিকায় নিজেদের নাম রয়েছে কি না তা দেখতে না পেরে উদ্বেগে পড়েন।
তবে প্রযুক্তিগত সমস্যার কারণেই এই সাময়িক বিভ্রাট বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে প্রচুর মানুষ ওয়েবসাইট ব্যবহার করায় এমনটা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।