আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবেশবান্ধব আতশবাজি তৈরির নামে বিপজ্জনক প্রশিক্ষণের বিষয়ে চিঠি দিয়েছে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। মঙ্গলবার লেখা ওই চিঠিতে অবিলম্বে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। সমিতির চেয়ারম্যান বাবলা রায় অভিযোগ করেছেন, দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকায় ‘পরিবেশবান্ধব আতশবাজি’ প্রশিক্ষণের আড়ালে ‘কোল্ড পাইরো’ নামে কিছু অবৈধ ও বিপজ্জনক আতশবাজি তৈরি শেখানো হচ্ছে, যা আতশবাজির আওতাতেই পড়ে না। এই পণ্য তৈরিতে নাইট্রোসেলুলোস ও অ্যামিলিয়াম পারক্লোরেটসহ উচ্চঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহার করা হয়, যা পিইএসও অনুমোদিত নয় এবং নিষিদ্ধ তালিকাভুক্ত। চিঠিতে জানানো হয়েছে, লাইসেন্সবিহীন ও প্রশিক্ষণহীন ব্যক্তিদের এই ধরনের শিক্ষা দিলে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে অবস্থার সৃষ্টি হতে পারে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তারা সাম্প্রতিক বারুইপুরের অগ্নিকাণ্ডের উদাহরণ দিয়ে দাবি করেছেন যে নিম্নমানের ও অনুমোদনহীন কাঁচামালের ব্যবহারেই তাতে বিপুল ক্ষতি ও প্রাণহানি হয়েছে। সমিতি কাঁচামালের মান পরীক্ষার রিপোর্ট ও ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে।