আমুদরিয়ার নিউজ : মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের আখেরগঞ্জ এলাকার বাসিন্দা এক কৃষক সাপের দংশনে গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচালো সীমান্তের বিএসএফ জওয়ান। জানা গিয়েছে প্রতিদিনের মতো সুধাংশু মন্ডল (৪২) নিজের চাষের জমিতে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ ঝোপের ভেতর থেকে একটি বিষধর কেউটে সাপ বেরিয়ে এসে তাকে দংশন করে। সঙ্গে সঙ্গে সে জমির ভেতর লুটিয়ে পড়ে এবং ক্রমশই অসুস্থ হতে থাকে। কাছেই একটি সীমান্ত নিরাপত্তা পোস্ট থাকায় কর্তব্যরত জওয়ানরা, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায় কৃষক টি প্রাণে বেঁচে যায়।
বিএসএফ সূত্রে জানা যায়, উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুজিত কুমার। এমনকি হাসপাতালে চিকিৎসা সুবিধা জন্য জওয়ানরা সাপটির ছবিও সংগ্রহ করেন, যাতে দ্রুত সঠিক এন্টিভেনাম প্রয়োগ করা সম্ভব হয়। সমগ্র এলাকাবাসী জানায় বিএসএফ জওয়ানদের মানবিকতার কারণেই আজ প্রাণে বাঁচলো কৃষকটি।