আমুদরিয়া নিউজ : রাজনৈতিক দল গঠনের পর প্রথমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া প্রথম রাজনৈতিক সাক্ষাৎকারে তিনি জানান, রাজনীতিই এখন তাঁর ভবিষ্যৎ এবং সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও দ্বিধা নেই। TVK প্রধান বিজয় স্পষ্ট করেন, তিনি ‘কিংমেকার’ হতে নয়, জিততেই রাজনীতিতে নেমেছেন। ভক্তদের সক্রিয় দলীয় কর্মীতে রূপান্তরিত করাই তাঁর লক্ষ্য। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি। কারুরে TVK-র মেগা সভায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যুর ঘটনাকে তিনি ‘কালো অধ্যায়’ বলে উল্লেখ করেন। ওই দুর্ঘটনার ধাক্কা থেকে এখনও পুরোপুরি বেরোতে পারেননি বলেও জানান। এই ঘটনার তদন্ত করছে সিবিআই এবং তিনি ইতিমধ্যেই দু’বার হাজিরা দিয়েছেন। বিজয় বলেন, রাজনৈতিক মতবিরোধের কারণে তাঁর সিনেমাকে টার্গেট করা হতে পারে—এটা তিনি আগেই অনুমান করেছিলেন। তাঁর রোল মডেল এম জে রামচন্দ্রন ও জয়ললিতা এবং নিজেকে শাহরুখ খানের ভক্ত বলেও জানান। নির্বাচন কমিশনের দেওয়া ‘হুইসেল’ প্রতীককে তিনি TVK-র ‘প্রথম জয়’ হিসেবে দেখছেন।