আমুদরিয়া নিউজ : ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে প্রায় ৩২ হাজার ‘নো-ম্যাপিং’ ভোটার শুনানিতে হাজিরা দেননি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না থাকায় রাজ্যে প্রায় ৩১ লক্ষ ৬৮ হাজার ভোটারকে নো-ম্যাপিং হিসেবে চিহ্নিত করা হয়। তাঁদের প্রত্যেককে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে প্রায় ১০ শতাংশ ভোটার হাজির না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, শুনানি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য রাখা হয়েছে, যদিও প্রয়োজনে সময়সীমা বাড়তে পারে। যারা শুনানিতে হাজির হননি, নিয়ম অনুযায়ী তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে এখনও তাঁদের জন্য সীমিত সুযোগ রাখার কথা ভাবছে কমিশন।