আমুদরিয়া নিউজ : এসআইআর শুনানি ঘিরে রাজ্যের একাধিক জেলায় ছড়িয়েছে অশান্তি। লালবাগ ও দুর্গাপুরে SDO দফতর, চাকুলিয়া ও ফারাক্কায় BDO অফিসে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও SIR চলাকালীনই এই পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ বেড়েছে।
এই আবহে সোমবার সুপ্রিম কোর্ট আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দেয়। আদালতের নির্দেশ, SIR সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্মী মোতায়েন নিশ্চিত করতে হবে। জেলাশাসক ও DGP-কে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, রাজ্য সরকারের অসহযোগিতার মুখে পড়ছে কমিশন এবং তারা কোনও হিংসা চায় না। এরপরই সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্র—উভয়কেই শান্তি বজায় রাখার নির্দেশ দেয়।
SIR পর্বেই যদি এমন অশান্তি হয়, তাহলে ভোট এগিয়ে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে—এই আশঙ্কায় সাধারণ মানুষ।