আমুদরিয়া নিউজ : বাংলায় প্রশাসনিক রদবদল ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি এক্স হ্যান্ডেলে, লেখেন, “এই ‘পরিবর্তন’ বাংলার ওপর জোর করে চাপিয়ে দিচ্ছে বিজেপি।” তিনি মনে করেন ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের একাধিক আধিকারিককে বদলি করেছে তার প্রভাবে বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। ভাঙচুর, লুটপাট ধর্মের নামে উত্তেজনা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। তাই তাঁর সাফ হুঁশিয়ারি, “বাংলায় বুলডোজার মডেল চলবে না।”
বাংলার সম্প্রীতির ছবি তুলে ধরে অভিষেক এদিন তাঁর ট্যুইটে বলেন, বাংলার মানুষ দুর্গাপূজা, দীপাবলি, পয়লা বৈশাখ, ঈদ, গুরু নানক জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা এবং বড়দিন সব উৎসবই একসঙ্গে উদযাপন করে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের মতো মণীষী এখানে জন্ম নিয়েছেন। বাংলা চিরকাল ‘বৈচিত্রের মাঝে ঐক্যের’ দৃষ্টান্ত হয়ে থেকেছে। তাঁর প্রশ্ন এখন এত অশান্তি কেন? এত হিংসার ফলে কার স্বার্থসিদ্ধি হচ্ছে?
শনিবার দুপুরে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছে বিজেপি। জানা গিয়েছে তাঁর বিরুদ্ধে পাল্টা চার্জশিট প্রকাশের আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছে তৃণমূল। তবে তার আগে অভিষেকের এই ট্যুইট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এরপর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় দেয় সেটাই এখন দেখার।