আমুদরিয়া নিউজ : গ্যাস বুকিংয়ের পরও সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। শুক্রবার সকালে দুর্গাপুরের মুচিপাড়া এলাকার এইচএফসিআই (HFCI) এইচপি গ্যাস সরবরাহ কেন্দ্রের সামনে দেখা গেল চরম ভোগান্তির ছবি। সকাল সাতটা থেকেই খালি সিলিন্ডার হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় গ্রাহকদের। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেরই মিলছে না গ্যাস।
সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দাবি করেছিল, দেশে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্রই দেখছেন মুচিপাড়ার বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, যদি সত্যিই জোগান পর্যাপ্ত থাকে, তবে কেন বুকিং করার পরও দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে? রাস্তায় লাইনে দাঁড়িয়ে কেন গ্যাস সংগ্রহ করতে হচ্ছে?
গ্যাস নিতে আসা গ্রাহকদের মধ্যে প্রছন্ন দাস নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “চরম ভোগান্তির শিকার হচ্ছি আমরা। সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এতবড় লাইন! মনে হচ্ছে আজ যুদ্ধ করে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে।”
সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন সুরেশ সাউ নামের অপর এক গ্রাহক। বিকেল গড়িয়ে গেলেও মেলেনি গ্যাস। তাঁর আশঙ্কা, “খালি সিলিন্ডার সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু শেষপর্যন্ত ভর্তি সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরতে পারব কি না, তা এখনও বুঝে উঠতে পারছি না।”
এদিকে গ্যাসের এই আকাল ও সাধারণ মানুষের দুর্গতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অব্যবস্থার জন্য তিনি সরাসরি কেন্দ্রীয় নীতির ব্যর্থতাকেই দায়ী করেছেন।