আমুদরিয়া নিউজ: হুগলি জেলার রিসড়ায় ঈদের অনুষ্ঠান ঘিরে প্রতি বছরের মতো এবারও ধরা পড়ল এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির ছবি। রাজনৈতিক কলহ, বিভেদ-বিরোধিতা ভুলে রাজ্যের বিভিন্ন দলের একাধিক নেতা এই পবিত্র অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী এবং কংগ্রেস নেতা সাবির আলী ছাড়াও রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পুরপ্রধান জাহিদ হাসান খান ও শ্রীরামপুরের সিআইসি সন্তোষ কুমার প্রমুখরা।
শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও রিসড়ার মসজিদে এসে ঈদের পবিত্র নামাজে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ ভারতের বহুত্ববাদ ও বাংলার চিরায়ত সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বাংলার সম্প্রীতির এই ধারা যেন হাজার হাজার বছর বজায় থাকে।” পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতির লড়াইয়ে সকলকে শামিল হওয়ারও আহ্বান জানান।
অন্যদিকে, সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তীও এই পবিত্র দিনে সকল মানুষের মঙ্গল ও শান্তি কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।
সবমিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আবহে এই উৎসবের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তাই ফুটে উঠল।