আমুদরিয়া নিউজ : ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর শুক্রবার ও শনিবার দুইটি পৃথক এনকাউন্টারে মোট ১৪ জন মাওবাদী নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকমা জেলার কিস্তারাম এলাকায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সঙ্গে গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদী মারা যায়। নিহতদের মধ্যে কন্টা এরিয়া কমিটির শীর্ষ নেতা সচিন মাংড়ুর উপস্থিতির কথা জানানো হয়েছে, বাকিদের পরিচয় যাচাই চলছে। ঘটনাস্থল থেকে একে-৪৭, ইনসাস রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। অন্যদিকে, বিজাপুর জেলার বাসাগুড়া থানার অন্তর্গত গাগনপল্লি এলাকায় পৃথক সংঘর্ষে ২ জন মাওবাদী নিহত হয়। নিরাপত্তা বাহিনীর মতে, বস্তার অঞ্চলে মাওবাদী দমন অভিযানে এই সাফল্য গুরুত্বপূর্ণ।